
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম সাগরের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানো এবং চাঁদা দাবির অভিযোগে মেহেদী হাসান রাজিব (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে অপরাধে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন, বিকাশ নম্বর ও ‘আমরা বিএনপি পরিবার’ নামের একটি বিতর্কিত ফেসবুক আইডি জব্দ করা হয়।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর, ২০২৬) ভোর সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন বাদৈর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মেহেদী হাসান রাজিব ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বাদৈর মধ্যপাড়া এলাকার নজরুল ইসলাম ভূইয়ার ছেলে।
পুলিশ ও ঘটনার বিবরণ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ‘আমরা বিএনপি পরিবার’ নামের একটি ফেসবুক আইডি থেকে নারায়ণগঞ্জের মহানগর ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম সাগরসহ স্থানীয় একাধিক রাজনৈতিক ব্যক্তিবর্গের ভিডিও এডিট করে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালিয়ে আসছিল একটি চক্র। পরবর্তীতে উক্ত চক্রের মূলহোতা রাজিব তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপের মাধ্যমে রকিবুল ইসলাম সাগরের সাথে যোগাযোগ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং বিকাশের মাধ্যমে কিছু টাকা হাতিয়ে নেয়।
এ ঘটনায় রকিবুল ইসলাম সাগর বাদী হয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
ঘটনাটি স্পর্শকাতর ও চাঞ্চল্যকর হওয়ায় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশে ডিবি’র অতিরিক্ত পুলিশ সুপার জনাব হাসিনুজ্জামান-এর তত্ত্বাবধান এবং গোয়েন্দা পুলিশের (ওসি ডিবি) নজরুল ইসলামের সমন্বয়ে তদন্ত শুরু হয়। পরবর্তীতে ডিবি’র আইটি শাখার এসআই মফিজুল ইসলাম, পিপিএম প্রযুক্তিগত সহায়তায় অপরাধীকে শনাক্ত করতে সক্ষম হন।
এরই ধারাবাহিকতায় ১৩ অক্টোবর ভোরে ডিবির একটি চৌকস দল কসবা থানার বাদৈর গ্রামে অভিযান চালিয়ে রাজিবকে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও ফেসবুক আইডিসহ গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রাজিব স্বীকার করেছে যে, নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিবেশ ঘোলাটে ও বিনাশ করার জন্য হীন স্বার্থ চরিতার্থ করতে অন্যদের প্ররোচনায় সে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য সহযোগীদের চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply