
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় চাঞ্চল্যকর নাদিম আকন্দ (৩৫) হত্যা মামলার মাত্র ৬ ঘণ্টার মধ্যেই প্রধান আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মো. হাকিম মোল্লা (পিতা: মো. মাহাবুব মোল্লা, সাং: গাছবাড়ীয়া, থানা: নড়াগাতী, জেলা: নড়াইল)।
ঘটনার বিবরণ
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ সকাল আনুমানিক ১০টায় স্থানীয় সংবাদের ভিত্তিতে আড়াইহাজার থানাধীন দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যবান্দি এলাকায় জনৈক বাতেনের বাড়ির হাকিম মোল্লার ভাড়াটিয়া সেমিপাকা টিনশেড ঘরের তালাবদ্ধ ভেতর থেকে একটি বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। পরে বস্তা খুলে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়।
নিহত নাদিম আকন্দ (৩৫) কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার উত্তর জাঙ্গালিয়া গ্রামের মো. জসিম উদ্দিন ও মোসা. পান্না আক্তারের ছেলে।
এই ঘটনায় নিহতের বড় ভাই মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশের দ্রুত পদক্ষেপ
ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর ও চাঞ্চল্যকর হওয়ায় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা-র নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মেহেদী ইসলামের তত্ত্বাবধানে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে ঘটনার মাত্র ৬ ঘণ্টার মধ্যেই মামলার মূল আসামিকে শনাক্ত ও গ্রেফতার করা হয়।
হত্যার কারণ ও আদালতে জবানবন্দি
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পরকীয়া ও পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। গ্রেফতারকৃত মো. হাকিম মোল্লা শিলপাটা দিয়ে মাথায় আঘাত করে এবং শ্বাসরোধ করে নাদিম আকন্দকে হত্যা করেন।
Leave a Reply