
বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ কেজি গাঁজাসহ চারজন চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় বন্দর ও ফতুল্লা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব হাবিবুর রহমান, পিপিএম-এর দিক-নির্দেশনায় জেলাব্যাপী মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিবি’র অতিরিক্ত পুলিশ সুপার জনাব হাসিনুজ্জামান-এর তত্ত্বাবধানে এবং ওসি ডিবি জনাব নজরুল ইসলাম-এর নেতৃত্বে ডিবি’র “ক” জোনের একটি চৌকশ টিম দুটি পৃথক অভিযান চালায়।
প্রথম অভিযানে, ডিবি পুলিশের টিমটি গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার নবীগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে ২০৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— বন্দর থানার কুশিয়ারা এলাকার মৃত সিরাজুল হোসেনের ছেলে গোলাম রাব্বি (২৮), একই এলাকার মোঃ বকুল হোসেনের ছেলে মোঃ ইয়ন (২২) এবং কদমরসুল এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে শিপন (২৪)।
পৃথক আরেকটি অভিযানে, ফতুল্লা থানাধীন চাষাড়া রেল ক্রসিং পাকা রাস্তার ওপর থেকে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম দীন ইসলাম ওরফে ডেঙ্গু (৩৪)। সে ফতুল্লা থানার মাওরা পট্টি এলাকার মৃত নূর ইসলামের ছেলে।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য লাখ টাকারও বেশি বলে জানা গেছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply