
বিশেষ প্রতিনিধি:নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২০ নম্বর ওয়ার্ডের মাহমুদনগর এলাকায় ভাঙারি ব্যবসার নিয়ন্ত্রণ ও ইনসি সিমেন্টের ময়লা ভাগাভাগিকে কেন্দ্র করে প্রতিপক্ষের বর্বরোচিত হামলায় মাকসুদা বেগম (৭২) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় হামলায় নিহতের ছেলে রাসেল এবং প্রতিবেশী শফিকুল মারাত্মকভাবে জখম হয়েছেন। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত সোমবার (১২ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মাহমুদনগর এলাকার ইনসি সিমেন্ট কারখানার সামনে এই নৃশংস ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ভাঙারি ব্যবসা ও ইনসি সিমেন্টের কাজ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি পক্ষের সাথে রাসেলের দ্বন্দ্ব চলে আসছিল। ঘটনার দিন রাতে প্রতিপক্ষের সশস্ত্র একদল লোক রাসেলকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে হামলাকারীরা তার বৃদ্ধা মা মাকসুদা বেগমকে নির্মমভাবে আঘাত করে হত্যা করে পালিয়ে যায়।
সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে পুলিশ জানায়, ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় মাহমুদনগর এলাকায় থমথমে অবস্থা ও চরম উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a Reply