
বিশেষ প্রতিনিধি, নাটোর:
নাটোর সদর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে আটক করা হয়েছে। ডোপ টেস্টে গাঁজা ও ইয়াবা সেবনের বিষয়টি প্রমাণিত হওয়ায় আদালতের সংক্ষিপ্ত বিচারে তাঁদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
আজ রবিবার (১৮ অক্টোবর ২০২৬) নাটোর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর নাটোর সদর থানার সাধারণ ডায়েরি (জিডি নং-১০৮৪) মূলে পিএসআই (নিরস্ত্র) মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে নাটোর পৌর এলাকার বড়ভিটা (দাদাপুর রোড) গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে মোঃ সিরাজুল ইসলাম (২৯), তেবাড়িয়া মধ্যপাড়ার মৃত সামছু মোল্লার ছেলে মোঃ রবিউল ইসলাম (৩৫) ও মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ মুন্না হোসেন (২৩) এবং তেবাড়িয়া উত্তরপাড়ার মৃত আব্দুল মোতালেব মিঞার ছেলে মোঃ আশরাফুল ইসলাম ওরফে সাগরকে (২৯) আটক করা হয়।
আটককৃতদের তল্লাশি করে গাঁজা সেবনের ৩টি কলকি, কাগজে মোড়ানো ২ পুড়িয়া গাঁজা, ১টি নারকেলের ছোবড়া, ২টি গ্যাস লাইট, গাঁজা কাটার বাটাল ও ৩টি মাদক সেবনের পাইপ উদ্ধার করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তিদের চিকিৎসা বিজ্ঞানের নিয়মানুযায়ী ‘ডোপ টেস্ট’ করা হলে গাঁজা ও ইয়াবা সেবনসংক্রান্ত পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১৬ ও ২১ নম্বর ক্রমিক অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সিআর-১১৩১/২৬ (নাটঃ) মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
মামলার শুনানিতে নাটোরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-০১-এর বিচারক সংক্ষিপ্ত বিচারে আটক ৪ জনের অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাঁদের আরও ২ (দুই) দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
নাটোর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার সর্বত্র এ ধরনের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply