
সামাজিক যোগাযোগমাধ্যমে হাতে এয়ারগান নিয়ে ভিডিও পোস্ট করে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগে কুমিল্লার লালমাইয়ে আসিফ (২২) নামে এক কিশোর গ্যাং প্রধানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। এ সময় তার বসতবাড়ি থেকে দুটি এয়ারগান ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার আসিফ ইছাপুরা গ্রামের নতুন বাড়ির বাসিন্দা।
স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, কিছুদিন আগে আসিফ হাতে এয়ারগান বা আগ্নেয়াস্ত্র সদৃশ বস্তু নিয়ে একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়। বিষয়টি র্যাব-১১-এর নজরে আসলে তাদের একটি গোয়েন্দা দল ঘটনার সত্যতা যাচাই ও অনুসন্ধানে নামে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ইছাপুরা দক্ষিণ/পূর্ব পাড়ার রানিচোঁ সংলগ্ন আসিফের নতুন বাড়িতে অভিযান চালায় র্যাব-১১। অভিযানে তার কক্ষ থেকে দুটি এয়ারগান এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই আসিফকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত আসিফ কুমিল্লা নগরীর বহুল আলোচিত ও প্রভাবশালী প্রয়াত ডা. শাহনেওয়াজ ওরফে ডা. লাভলুর সন্তান। তার পিতা ইছাপুরা গ্রামে বসতি স্থাপন করে প্রচুর স্থাবর সম্পত্তি ক্রয় করেন। সেই সূত্রে আসিফ এলাকায় অবস্থান নিয়ে একটি কিশোর গ্যাং চক্র গড়ে তোলেন এবং নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েন।
র্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক অপরাধ, কিশোর গ্যাং এবং অস্ত্রধারীদের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Leave a Reply