
নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে গিয়ে শামীম (৫৫) নামে এক প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়া (৪৮) ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। গতকাল রবিবার এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী বৃদ্ধকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী শামীমের ছেলের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে প্রতিপক্ষের বাকবিতণ্ডা হয়। গতকাল রবিবার বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়া তাঁর দলবল নিয়ে শামীমের বাড়িতে চড়াও হন। বাড়িতে ছেলেকে না পেয়ে সন্ত্রাসীরা বৃদ্ধ শামীমের মাথায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে উঠানে ফেলে এলোপাতাড়ি মারধর শুরু করে। নির্যাতনের একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললে রক্তাক্ত অবস্থায় তাঁকে বাড়ির বাইরে ফেলে রেখে চলে যায় হামলাকারীরা।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভুক্তভোগী শামীম বলেন, “আমার ছেলে রাজনীতির সাথে জড়িত। তাদের মধ্যে কী নিয়ে কথা-কাটাকাটি হয়েছে আমি জানি না। ছেলেকে না পেয়ে মহিউদ্দিন চিশতিয়া ও তাঁর দলবল আমার ওপর এই অমানুষিক নির্যাতন চালিয়েছে।”
এলাকাবাসীর অভিযোগ, বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়ার বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক অপরাধের সংবাদ প্রকাশিত হলেও কোনো আইনি ব্যবস্থা না নেওয়ায় তিনি দিনে দিনে আরও বেপরোয়া হয়ে উঠেছেন।
ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, “ঘটনাটি সম্পর্কে আমি এখনও অবগত নই। তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Leave a Reply