
গোদাগাড়ী(রাজশাহী) প্রতিনিধি :রাজশাহীর গোদাগাড়ীতে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা এবং অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রয় রোধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৩টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার সুলতানগঞ্জ ঘাটে এ অভিযান চালানো হয়। অভিযানে ‘মেসার্স দুই ভাই ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে আনুমানিক ৩ হাজার লিটার ডিজেল মজুদের প্রমাণ পাওয়া যায়।
তবে তেল বিক্রয়ের বৈধ কাগজপত্র ও উৎস সংক্রান্ত তথ্য প্রদর্শনে ব্যর্থ হন প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ আব্দুল্লাহ (৬০)। তিনি সুলতানগঞ্জ গ্রামের মৃত মহসিন আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাদাত রত্নের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ইউএনও নাজমুস সাদাত রত্ন বলেন, বাজারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এবং অবৈধ মজুদ বা অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।